খাগড়াছড়িতে পিসিপি (গণতান্ত্রিক) ও ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের মধ্যে উত্তেজনা: ধাওয়া-পাল্টা ধাওয়া
মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি প্রতিনিধি: দৈনিক৩৬জুলাই
ফ্যাসিবাদী সরকার পতনের এক বছর পূর্তিকে কেন্দ্র করে খাগড়াছড়িতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে পৃথক শোভাযাত্রা বের করে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি-গণতান্ত্রিক) ও ইউপিডিএফ (প্রসিত গ্রুপ)।
দু’পক্ষ শহরের চেঙ্গি স্কয়ার মোড়ে এসে মুখোমুখি হলে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। স্থানীয় সূত্রে জানা গেছে, এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে গেলে কিছুক্ষণের জন্য সংঘর্ষের মতো পরিস্থিতির সৃষ্টি হয়, তবে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর পিসিপি (গণতান্ত্রিক) তাদের শোভাযাত্রা পুনরায় শুরু করে চেঙ্গি স্কয়ার থেকে সূর্য শিখা ক্লাব পর্যন্ত গিয়ে সমাবেশ করে। সেখানে সংগঠনের সাধারণ সম্পাদক কলিন চাকমা বক্তব্য রাখেন।
এ বিষয়ে ইউপিডিএফ (গণতান্ত্রিক) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা অভিযোগ করে বলেন, “শান্তিপূর্ণ মিছিলে ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) অতর্কিতে হামলা চালায়। তবে গুলি বিনিময়ের কোনো ঘটনা ঘটেনি।”
অন্যদিকে ইউপিডিএফ (প্রসিত) মুখপাত্র অংগ্য মারমা পাল্টা অভিযোগ করে বলেন, “আমাদের মিছিলে প্রথমে হামলা চালানো হয়, এতে আমাদের একজন কর্মী আহত হয়েছেন।”
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল বাতেন মৃদা বলেন, “দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গুলি বিনিময়ের বিষয়টি স্থানীয়রা দাবি করলেও এখন পর্যন্ত এর কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।”
www.daynik36july.com