আক্কাস আলী খান
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের অভিযানে চিহ্নিত চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারী সালমান শাহকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে। তিনি পাংশা উপজেলার শরিষা খামারডাঙ্গী গ্রামের লম্বা ছাত্তার ওরফে ছাত্তার বিশ্বাসের ছেলে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টার সময় পাংশা উপজেলার শরিষা ইউনিয়নে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
পাংশা থানা সূত্রে জানা গেছে, রাজবাড়ী পুলিশ সুপার মো. কামরুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে এসআই শ্রীবাস গাইন সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে। অভিযানে পাংশা থানা এলাকার চাঁদাবাজ, টেন্ডারবাজ, অবৈধ দখলদার, অবৈধ অস্ত্রধারী, পেশাদার মাদক কারবারী, অবৈধ বালুখেকো, চোরদের গ্রেপ্তারের লক্ষ্যে থানা এলাকার শরিষা ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চিহ্নিত চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারী সালমান শাহকে গ্রেপ্তার করা হয়।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘গত ৪ জুন পাংশা মডেল থানায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করা হয়। তাকে বুধবার রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।’
www.daynik36july.com