মোঃ মোখলেছুর রহমান
দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় প্রেমঘটিত একটি ঘটনা এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ডিগ্রিরচর ও পাথরেরচরের দুই তরুণ-তরুণীর প্রেমের সম্পর্কের পরিণতি ঘটেছে থানা পর্যন্ত, আর শেষমেশ তা গড়িয়েছে বিয়ের খাতায়!
জানা গেছে, পাথরেরচর সফরতলি এলাকার মো: ফরমান (পিতা: আজম) এবং ডিগ্রিরচর পশ্চিম পাড়ার মোছা: মুক্তাররানি (পিতা: মুনতাজ) দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে ছিলেন। মঙ্গলবার (০৯ জুলাই ২০২৫) এই সম্পর্ক প্রকাশ্যে এলে স্থানীয় জনগণ প্রেমিক যুগলকে আটক করে।
ঘটনাস্থলে আসে সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা। পরে তাদের দেওয়ানগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।
তবে ঘটনার মোড় ঘুরে যায় তখন, যখন মেয়ের পরিবার বিয়েতে আগ্রহ দেখালেও ছেলেপক্ষ অনীহা প্রকাশ করে। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অবশেষে পুলিশ প্রশাসনের মধ্যস্থতায় ও দু’পক্ষের সম্মতিতে দেওয়ানগঞ্জ মডেল থানাতেই প্রেমিক যুগলের বিয়ে সম্পন্ন হয়।
ঘটনাটি নিয়ে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য এবং আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। কেউ একে ভালোবাসার ‘জিত’ বললেও, কেউ বলছে সামাজিক মূল্যবোধের এক ধরনের অবক্ষয়।
স্থান: ডিগ্রিরচর-পাথরেরচর, দেওয়ানগঞ্জ, জামালপুর
তারিখ: ১০ জুলাই ২০২৫
www.daynik36july.com