মো: গোলাম কিবরিয়া
রাজশাহী বিশেষ প্রতিনিধি
রাজশাহীতে দুই কোটি টাকা পাওনাকে কেন্দ্র করে মামা ও ভাগ্নের মধ্যে বিরোধ চরমে পৌঁছালে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (৮ জুলাই) রাতে নগরীর এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্ত্রী।
অভিযোগে জানা যায়, ঠিকাদার ওয়াসিমুল হকের কাছে দুই কোটি টাকা পাওনা ভাগ্নে আল ফারুক আহমেদ নতুনের। টাকা পরিশোধের কথা বলে মঙ্গলবার সন্ধ্যায় পবা উপজেলার ভুগরইল এলাকার নিজের চেম্বারে নতুনকে ডেকে নেন ওয়াসিমুল। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করা হয়।
নতুনের স্ত্রী শিক্ষানবিশ আইনজীবী তানিয়া খাতুন থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেছেন, হামলায় অংশ নেন ওয়াসিমুলের ভাই জয়নাল আবেদীন (৫৫), ওহাব আলী (৫২), তাদের ছেলে কাওছার আলী (২৬) এবং মো. লিটন (৩০)। কাওছার লোহার রড দিয়ে আঘাত করলে নতুন গুরুতর জখম হন। লিটন কাঠের চলা দিয়ে পেটান এবং জয়নালের আঘাতে তার মুখে রক্তাক্ত জখম হয়। এ সময় কাওছার নতুনের কাছে থাকা ১ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগে বলা হয়েছে।
স্থানীয়দের সহায়তায় আহত নতুনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আইনজীবী তানিয়া বলেন,
‘আমার স্বামী দীর্ঘদিন ধরে মামার কাছে টাকা পাওনা। বারবার চাওয়ার পর চেম্বারে ডেকে নিয়ে তাকে পিটিয়ে আহত করা হয়েছে। এখন তারা আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। সবাই জামিনে থাকা মামলার আসামি হওয়ায় আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি।’
অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীদের একজন জয়নাল আবেদীন অতীতেও ছাত্র-জনতার ওপর হামলার মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন।
অভিযোগ অস্বীকার করে ঠিকাদার ওয়াসিমুল হক বলেন,
‘নতুন আমার কাছে কোনো টাকাই পায় না। বরং সে নিজেই চেম্বারে এসে ভাঙচুর করেছে। আমাদের লোকজন তাকে প্রতিহত করেছে। আমাদের বিরুদ্ধেই মিথ্যা মামলা হয়েছে, আমরাও পাল্টা মামলা করব।’
স্থানীয় সূত্রে জানা যায়, ওয়াসিমুল আওয়ামী লীগের সময় রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আয়েন উদ্দিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। পবা ও মোহনপুর এলাকায় তার একচেটিয়া ঠিকাদারি রয়েছে। পবার নওহাটা পৌরসভায় ২০ কোটি টাকার ১০টি রাস্তার কাজ তিন দফা সময় বাড়িয়েও শেষ করতে পারেননি তিনি। তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে ইতোমধ্যে কয়েকটি রাস্তা ধসে পড়েছে।
এয়ারপোর্ট থানার ওসি ফারুক হোসেন বলেন,
‘নতুনকে মারধরের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আরও তদন্ত চলছে।’
প্রকাশের তারিখ: ১০ জুলাই ২০২৫
সম্পাদকীয় নোট: ভুক্তভোগীর অভিযোগ তদন্তাধীন থাকায় প্রতিবেদনের সব তথ্য পুলিশি যাচাইসাপেক্ষে। পাঠককে অনুরোধ করা হচ্ছে, কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে সকল পক্ষের বক্তব্য ও আইনি প্রক্রিয়ার ফলাফলের অপেক্ষা করতে।
www.daynik36july.com