কক্সবাজারে ট্র্যাজেডি: চবির তিন শিক্ষার্থী সাগরে নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার
🖋 শওকতুল ইসলাম, চকরিয়া প্রতিনিধি
কক্সবাজার, ৮ জুলাই ২০২৫
কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নামার পর স্রোতে ভেসে যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। এদের মধ্যে কে এম শাদনান সাবাব রহমান (২১) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছেন বগুড়ার দুই শিক্ষার্থী—আসিফ আহমেদ (২২) ও অরিত্র (২২)।
প্রত্যক্ষদর্শী বন্ধুদের বরাতে জানা গেছে, সোমবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের এই তিন শিক্ষার্থীসহ মোট পাঁচ বন্ধু কক্সবাজার ভ্রমণে আসেন। মঙ্গলবার (৮ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে হিমছড়ি জাদুঘর সংলগ্ন সৈকতে নেমে তারা ছবি তুলছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে দুইজন ছাতা খুঁজতে দৌড়ে সরে গেলেও বাকি তিনজন সাগরে থেকেই যান। তাদের বারবার সতর্ক করা হলেও তারা পানিতে থেকে যেতে থাকেন এবং এক পর্যায়ে হঠাৎ করেই স্রোতের টানে তলিয়ে যান।
নিহত কে এম শাদনান সাবাব রহমান ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা, পিতার নাম কে এম আনিসুর রহমান। নিখোঁজ আসিফ আহমেদ ও অরিত্র—দুজনই বগুড়া জেলার বাসিন্দা।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) সুমনাথ বসু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
“তিন বন্ধু একসাথে সাগরে গোসল করতে নেমেছিলেন। স্রোতের টানে তারা তলিয়ে যান। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুজনকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও ‘সি সেইফ লাইফ গার্ড’ এর যৌথ উদ্ধার অভিযান চলছে।”
এই ট্র্যাজেডি নতুন করে প্রশ্ন তোলে সমুদ্র সৈকতের নিরাপত্তা ব্যবস্থা ও পর্যটকদের সতর্কতা বিষয়ে। উৎসবমুখর ভ্রমণ যে মুহূর্তেই শোকের ছায়া ফেলতে পারে, তা আবারও প্রমাণ করল হিমছড়ির ঢেউ।
নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছে পরিবার ও বন্ধুরা।
“সতর্ক থাকুন, নিরাপদে থাকুন — সাগরের সৌন্দর্য হোক জীবনঘনিষ্ঠ, মৃত্যুঘনিষ্ঠ নয়।”
“সমুদ্র ডাকে ভালোবাসায়, কিন্তু তা যেন মৃত্যু না হয়!”
www.daynik36july.com