কালুখালীতে ‘ভুয়া এনজিও’ সিএফ’র নামে কোটি টাকা হাতিয়ে রাতের আঁধারে উধাও চক্র!
আক্কাস আলী খান
রাজবাড়ী বালিয়াকান্দি প্রতিনিধি
রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া গ্রামে ‘কম্পেইশন ফান্ড (CF)’ নামে একটি ভূয়া এনজিওর মাধ্যমে শতাধিক নারীর কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। ঋণ প্রদানের প্রলোভনে এ চক্রটি গ্রামের নারীদের কাছ থেকে টাকা সংগ্রহ করে। এখন তারা আর নেই—রাতের আঁধারে অফিস বন্ধ করে গা ঢাকা দিয়েছে।
জানা যায়, প্রতারক চক্রটি বোয়ালিয়া গ্রামের জহুর আলী বিশ্বাসের বাড়ি ভাড়া নিয়ে মাত্র এক মাস ধরে তাদের কার্যক্রম চালাচ্ছিল। গত ৭ জুলাই (সোমবার) সকাল ৮টার দিকে প্রায় ৪০-৫০ জন গ্রাহক লোনের টাকা নিতে অফিসে উপস্থিত হলে দেখা যায়, অফিস তালাবদ্ধ। এরপর বিষয়টি চারদিকে ছড়িয়ে পড়লে গ্রামবাসী ভিড় জমায় বাড়িটিতে।
বাড়ির মালিক কোনো সহযোগিতা না করায় ক্ষুব্ধ গ্রাহকরা কালুখালী থানা ও পাংশা-কালুখালী আর্মি ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেন। মতিন মন্ডল নামের এক ভুক্তভোগী জানান, বাড়ির মালিক জহুর আলী বিশ্বাসের পুত্রবধূ বন্যা খাতুন তার কাছ থেকে লোন পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা নিয়েছেন।
এ বিষয়ে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহুয়া আফরোজ জানান, এখন পর্যন্ত তার কাছে কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে রেজিস্ট্রেশন যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুর রহমান জানান, এ ঘটনায় মোট ১৪টি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত চারজনের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে তদন্ত চলছে। ইতোমধ্যে ওসি (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গ্রামজুড়ে এখন আতঙ্ক আর ক্ষোভ—ঋণের আশায় টাকা জমা দিয়েও কেউ পেল না স্বপ্নের বাস্তবায়ন, বরং হারাল শেষ সম্বল।
www.daynik36july.com