পিতার স্বপ্ন পূরণে হেলিকপ্টারে গ্রামে ফিরলেন প্রবাসী কবির মজুমদার
লালমাই প্রতিনিধি:
পিতার বহু বছরের স্বপ্ন ছিল—নিজের সন্তানদের নিয়ে একদিন হেলিকপ্টারে করে গ্রামের বাড়িতে ফিরবেন। সেই স্বপ্ন এবার বাস্তবে রূপ দিলেন সৌদি প্রবাসী আলহাজ্ব কবির হোসেন মজুমদার। পরিবার নিয়ে হেলিকপ্টারে চড়ে এক স্মরণীয় যাত্রায় ফিরে এলেন জন্মভূমি কুমিল্লার লালমাই উপজেলার ভূলইন দক্ষিণ ইউনিয়নের পরতী গ্রামে।
শনিবার (৫ জুলাই) সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান কবির মজুমদার। সেখান থেকে হেলিকপ্টারে করে দুপুর ১টায় তারা অবতরণ করেন ভুশ্চি ছোট শরীফপুর ডিগ্রি কলেজ মাঠে। এ সময় ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় এলাকাবাসী, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। পরে একটি মাইক্রোবাসে করে সপরিবারে নিজ গ্রামে পৌঁছান তিনি।
প্রবাসী কবির মজুমদার ওই গ্রামের বিশিষ্ট ব্যক্তি হাজী আবদুল খালেক মজুমদারের মেজো ছেলে। তার সঙ্গে ছিলেন স্ত্রী ও তিন পুত্র—নয়ন মজুমদার, সাফওয়ান মজুমদার এবং আদনান মজুমদার। প্রায় ১০ বছর পর দেশে ফিরলেন তিনি।
স্থানীয়রা জানান, জীবিকার তাগিদে দীর্ঘ ২৯ বছর ধরে সৌদি আরবে অবস্থান করছেন কবির মজুমদার। তাঁর নিরলস পরিশ্রমে এখন তার পরিবার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। শুধু নিজের পরিবার নয়, আত্মীয়স্বজন ও এলাকার বহু মানুষই তার সহযোগিতায় উপকৃত হয়েছেন। তিনি প্রবাসে থেকেও সুখে-দুঃখে এলাকার মানুষের পাশে থেকেছেন সর্বদা।
আনন্দঘন এই মুহূর্তে আবেগাপ্লুত কবির মজুমদার বলেন,
“সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এটা ছিল আমার বাবার ইচ্ছা এবং আমার সন্তানদের স্বপ্ন—হেলিকপ্টারে করে একদিন গ্রামের বাড়ি ফেরা। আজ সেই স্বপ্ন পূরণ হলো। দীর্ঘ বছর পর নিজ গ্রামে ফিরে আসতে পেরে সত্যিই ভালো লাগছে।”
এমন স্বপ্নপূরণ শুধু একটি পরিবারের জন্য নয়, পুরো গ্রামের জন্য হয়ে উঠেছে এক অনন্য স্মরণীয় ঘটনা।
📰 প্রকাশিত: দৈনিক ৩৬ জুলাই / www.daynik36july.com