গজারিয়ায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে মতবিনিময় সভা: চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতার বহিষ্কার দাবি
মোঃ দুলাল সরকার, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি
তারিখ: ৬ জুলাই ২০২৫
মুন্সীগঞ্জের গজারিয়ায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ জুলাই) বিকেল ৫টায় উপজেলার বালুয়াকান্দী এলাকায় মিয়ামি রেস্টুরেন্টে সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এ সভায় চাঁদাবাজির অভিযোগে ইউনিয়ন বিএনপি নেতার বহিষ্কারের জোর দাবি জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. শরীফ হোসেন মাস্টার। উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির আরেক সদস্য দেওয়ান হারুন অর রশিদ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. জসিম উদ্দিন, কৃষক দলের সদস্য সচিব মো. তোফাজ্জল হোসেন, যুবদল নেতা দেলোয়ার হোসেন সরকার (দুলাল), জসিম উদ্দিন জসু, আ. ওয়াদুদ, সিরাজুল ইসলাম সিরাজ, মিহিন উল্লাহ্ ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমপি ইপু প্রধান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোতালেব বেপারী।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, স্থানীয় এক ইউনিয়ন বিএনপি নেতা মনিরুজ্জামান মনিরের চাঁদাবাজির কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও এখনও তাঁর বিরুদ্ধে কোনো দলীয় ব্যবস্থা নেওয়া হয়নি। এতে নেতাকর্মীদের মাঝে চরম হতাশা বিরাজ করছে। অবিলম্বে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাঁকে দল থেকে বহিষ্কারের দাবি জানানো হয়।
সভায় রাজনৈতিক শুদ্ধাচার, দলীয় ভাবমূর্তি রক্ষা এবং যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপরও জোর দেওয়া হয়।
www.daynik36july.com