বকশীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ ৮ বছরের শিশু: পরিবারের প্রহর গুনছে অপেক্ষার
দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি:
মোঃ মোখলেছুর রহমান, স্টাফ রিপোর্টার | দৈনিক ৩৬ জুলাই
জামালপুরের বকশীগঞ্জে এক মর্মান্তিক ঘটনায় নদীতে গোসল করতে গিয়ে মোঃ আব্দুল্লাহ (৮) নামের এক শিশু নিখোঁজ হয়ে গেছে। শনিবার (২৮ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের জব্বারগঞ্জ বাজারসংলগ্ন দশানী নদীতে গোসল করতে গিয়ে এই ঘটনা ঘটে।
নিখোঁজ শিশু আব্দুল্লাহ চরকাউরিয়া সীমারপাড়া এলাকার বাসিন্দা জামরুল মিয়ার ছেলে এবং বকশীগঞ্জ আল-নূর মডেল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। ছুটিতে সে খালার বাড়ি বেড়াতে গিয়েছিল।
শিশুটির বড় বোন জান্নাত সাংবাদিকদের জানান,
“আমার ভাই বিকেলে বন্ধুদের সাথে নদীতে নামে। কিছুক্ষণ পর বন্ধুটি উঠে এলেও ও আর উঠে আসেনি। নদীর জলে হারিয়ে গেছে আমার ভাই।”
খবর পেয়ে বিকেল ৫টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় বকশীগঞ্জ ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল কুদ্দুস বলেন,
“আমরা সাথে সাথে রেসকিউ মিশন শুরু করেছি। জামালপুর থেকে ডুবুরি দলও পৌঁছেছে। তবে অন্ধকার নামায় রাতে অভিযান চালানো সম্ভব হয়নি। রোববার সকাল থেকেই আবার অভিযান চালানো হবে।”
ঘটনাস্থলে এখনো নদীর পাড়ে ভিড় জমিয়েছে এলাকাবাসী ও স্বজনরা। আব্দুল্লাহকে ফিরে পাওয়ার আশায় চোখে জল আর মুখে শুধু একটি প্রার্থনা—
“যেন আব্দুল্লাহ কোনোভাবে বেঁচে ফিরে আসে।”
🔗 এই নিউজটি প্রকাশের তারিখ: ২৯ জুন, ২০২৫
📰 আরও আপডেট জানতে ভিজিট করুন: www.daynik36july.com