স্টাফ রিপোর্টার, যশোর | প্রকাশ: ২৪ জুন ২০২৫
যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছে জেলার দুই শীর্ষ সন্ত্রাসী। এদের মধ্যে একজন হলেন শহরের ষষ্ঠিতলাপাড়ার ইব্রাহিম হোসেন ডলার, যিনি ২৪টি মামলার আসামি। অপরজন মণিরামপুরের সুজাতপুর গ্রামের পল্লব বিশ্বাস ওরফে সুদীপ্ত, যিনি চাঞ্চল্যকর তরিকুল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাত ১০টার দিকে যশোর শহরের রেলগেট এলাকা থেকে ডলারকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে খুন, অস্ত্র, বিস্ফোরক, মাদক ও দ্রুতবিচার আইনে ২৪টি মামলা রয়েছে। এর মধ্যে পাঁচটিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়।
অপর অভিযানে, সোমবার রাত সাড়ে ৯টার দিকে মণিরামপুর উপজেলার সুজাতপুর এলাকা থেকে তরিকুল ইসলাম হত্যা মামলার মূল আসামি পল্লব বিশ্বাস ওরফে সুদীপ্তকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে তিনি হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রহমত আলী তার জবানবন্দি গ্রহণ করেন এবং তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ডিবি পুলিশ জানায়, সুদীপ্তের জবানবন্দিতে তরিকুল হত্যাকাণ্ডের পেছনের মূল রহস্য এবং অন্যান্য জড়িতদের তথ্য উদ্ঘাটিত হয়েছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত প্রকাশ না করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, হত্যার উদ্দেশ্য ও পরিকল্পনার পুঙ্খানুপুঙ্খ চিত্র তাদের হাতে এসেছে।
উল্লেখ্য, গত ২২ মে সন্ধ্যায় অভয়নগর উপজেলার ডহর মশিয়াহাটি গ্রামে পিন্টু বিশ্বাসের বাড়িতে একদল সন্ত্রাসী গুলি ও কোপ মেরে নওয়াপাড়া পৌর কৃষক দলের আহ্বায়ক তরিকুল ইসলামকে হত্যা করে। এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়।
সম্পাদনা: নিউজ ডেস্ক | দৈনিক ৩৬ জুলাই