আক্কাস আলী খান
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে প্রায় ২৫ কেজি ওজনের একটি বিশাল পাঙ্গাস মাছ, যা স্থানীয় আড়তে নিলামের মাধ্যমে ৭০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন পদ্মা-যমুনার মোহনায় মাছটি ধরা পড়ে। স্থানীয় জেলে এরশাদ মন্ডল তার সহযোগীদের নিয়ে রাতভর মাছ ধরার সময় জালে এই বড় পাঙ্গাসটি পান।
জেলে এরশাদ মন্ডল জানান, গভীর রাতে জাল ফেলার পর ভোরে তা তুলতে গিয়ে বড় আকারের মাছটি দেখতে পান। পরে সেটি দৌলতদিয়া এলাকার একটি মাছের আড়তে নিয়ে যাওয়া হয়। সেখানে উন্মুক্ত নিলামে কেজি প্রতি ২ হাজার ৮০০ টাকা দরে মাছটি মোট ৭০ হাজার টাকায় বিক্রি হয়।
মাছটি কিনেছেন দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মোঃ চাঁন্দু মোল্লা। তিনি বলেন, নিলামের মাধ্যমে মাছটি সংগ্রহ করেছেন এবং ভালো দামে বিক্রির জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব উল হক জানান, সরকারের বিভিন্ন সংরক্ষণমূলক পদক্ষেপ এবং নিষেধাজ্ঞা কার্যকরভাবে বাস্তবায়নের ফলে নদীতে বড় আকারের মাছের উপস্থিতি বাড়ছে।