স্টাফ রিপোর্টার :নাজমুল ইসলাম ছাকিব
শিক্ষা ও শিল্পখাতের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন এবং শিক্ষার্থীদের বাস্তব কর্মজীবনের জন্য প্রস্তুত করার লক্ষ্যে নেক্সটজবজ প্রেজেন্টস ইউনিভার্সিটি অব স্কলার্স ক্যারিয়ার ফেস্ট ২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে দেশি-বিদেশি স্বনামধন্য কর্পোরেট প্রতিষ্ঠান, প্রযুক্তি সংস্থা ও বিভিন্ন শিল্পখাতের প্রতিনিধিদের অংশগ্রহণে শিক্ষার্থীদের জন্য চাকরি, ইন্টার্নশিপ ও ক্যারিয়ার উন্নয়নের একটি বাস্তবভিত্তিক প্ল্যাটফর্ম সৃষ্টি হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বৈশ্বিক কর্মবাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে একাডেমিক ডিগ্রির পাশাপাশি দক্ষতা, প্রযুক্তিগত সক্ষমতা ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের বিকল্প নেই। বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিল্পখাতের সঙ্গে কার্যকর সংযোগ গড়ে তোলাই টেকসই কর্মসংস্থানের অন্যতম পূর্বশর্ত।
এই আয়োজনের টাইটেল স্পনসর হিসেবে যুক্ত ছিল নেক্সটজবজ। কো-স্পন্সর হিসেবে ছিল ক্যাঙ্গারু গ্লোবাল বাংলাদেশ ও ঢাকা রিভেঞ্জার্স। সহ-পৃষ্ঠপোষক হিসেবে ছিল বি-ফ্রেশ এডুকেশন কনসালটেন্সি এবং রিফ্রেশমেন্ট পার্টনার হিসেবে যুক্ত ছিল নেস্কাফে।
ক্যারিয়ার ফেস্টে অংশগ্রহণকারী উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল ট্যালি, গো বাংলা, ফিউচার ক্লাউড বাংলাদেশ, হা-মীম গ্রুপ, ডাবার, স্টেডফাস্ট, পেট্রোসেম গ্রুপ, ক্রাফটকোড সল্যুশনস, প্রিয়শপ, ইউনাইটেড গ্রুপ, স্টাডি ভিশন, প্রকৃতি সহ আরও বহু স্বনামধন্য কর্পোরেট ও প্রযুক্তি প্রতিষ্ঠান।
অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল যমুনা টিভি, কালের কণ্ঠ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, টেক্সটাইল টুডে, টেক্সটাইল টাইমস, টোয়েন্টি ফোর নিউজ বক্স, বাংলাদেশের খবর এবং কালের কণ্ঠস্বরসহ বিভিন্ন জাতীয় ও ডিজিটাল গণমাধ্যম। এছাড়া রেডিও পার্টনার হিসেবে ছিল স্পাইস এফএম 96.4।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. মো. মামুনুর রশিদ। তিনি বলেন,
“এই ক্যারিয়ার ফেস্ট শিক্ষার্থীদের জন্য শুধু একটি আয়োজন নয়, বরং শিল্পখাতের সঙ্গে সংযোগ স্থাপনের একটি বাস্তব সুযোগ। বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শুধু ডিগ্রি প্রদান নয়; বরং শিক্ষার্থীদের কর্মজীবনের জন্য প্রস্তুত করা।”
“ইউনিভার্সিটি অব স্কলার্স ক্যারিয়ার ফেস্ট শিক্ষার্থীদের জন্য শিল্পখাতের সঙ্গে সরাসরি সংযোগ, ক্যারিয়ার গাইডলাইন ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে,” বলেন আয়োজনটির কো-অর্ডিনেটর মির্জা শাকিল।
ক্যারিয়ারভিত্তিক প্যানেল আলোচনায় অংশ নেন এবং গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেন। প্যানেল আলোচনায় বক্তারা বলেন, ভবিষ্যৎ কর্মবাজারে টিকে থাকতে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা, যোগাযোগ সক্ষমতা এবং উদ্যোক্তা মানসিকতা অর্জন জরুরি।
তারিফ মোহাম্মদ খান বলেন,
“বিশ্বব্যাপী চাকরির বাজার দ্রুত রূপান্তরিত হচ্ছে। শিক্ষার্থীদের পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে।”
আহসানুর রহমান বলেন,
“ডিজিটাল দক্ষতা ছাড়া আগামী দিনের কর্মবাজারে প্রতিযোগিতা করা সম্ভব নয়।”
জুবায়ের আলনাজি বলেন,
“উদ্ভাবন ও উদ্যোক্তা মানসিকতা ভবিষ্যৎ অর্থনীতির চালিকাশক্তি।”
রিজভান হাসান বলেন,
“টেকসই ক্যারিয়ার গড়তে হলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও ধারাবাহিক দক্ষতা উন্নয়ন প্রয়োজন।”
ক্যারিয়ার ফেস্টে শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় অন-স্পট সিভি স্ক্রিনিং, জব ম্যাচিং, ফুল-টাইম ও পার্ট-টাইম চাকরির সুযোগ, ইন্টার্নশিপ ও এন্ট্রি-লেভেল জব কর্নার, মক ভাইভা সেশন এবং ইন্ডাস্ট্রি এক্সপার্ট সেশন।
আয়োজকদের মতে, নেক্সটজবজ প্রেজেন্টস ইউনিভার্সিটি অব স্কলার্স ক্যারিয়ার ফেস্ট ২০২৬ শুধু একটি চাকরি মেলা নয়; বরং এটি শিক্ষা ও শিল্পখাতের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের একটি সমন্বিত প্ল্যাটফর্ম। ভবিষ্যতেও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।