কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি;
বাজিতপুর (কিশোরগঞ্জ), ১৮ ডিসেম্বর ২০২৫ খ্রি.
কিশোরগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে জেলার সম্মানিত পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন মহোদয় ১৮ ডিসেম্বর ২০২৫ খ্রি. বাজিতপুর থানা, বাজিতপুর সার্কেল অফিস এবং সদর থানা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার সংশ্লিষ্ট থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের বর্তমান চিত্র, মামলা নিষ্পত্তির অগ্রগতি এবং থানায় আগত সাধারণ জনগণকে প্রদত্ত সেবার মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি থানার রেজিস্টারপত্র, ডিউটি ব্যবস্থাপনা ও দৈনন্দিন কার্যক্রম খতিয়ে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
ড. এস. এম. ফরহাদ হোসেন মহোদয় বলেন, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং সমাজে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে সর্বদা পেশাদারিত্ব, সততা ও মানবিকতার সঙ্গে কাজ করতে হবে। জনসাধারণ যেন থানায় এসে হয়রানির শিকার না হয়, বরং দ্রুত ও আন্তরিক সেবা পায়—সে বিষয়ে তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
এ সময় তিনি থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের কর্মপরিবেশ, সুযোগ-সুবিধা ও বিভিন্ন সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন। উত্থাপিত বিষয়গুলো বিধি মোতাবেক পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করেন পুলিশ সুপার।
পরিদর্শন শেষে পুলিশ সুপার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশে বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করাই পুলিশের সবচেয়ে বড় সাফল্য। সেই লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
পুলিশ সুপারের এই পরিদর্শনের ফলে বাজিতপুর ও সদর থানায় কর্মরত পুলিশ সদস্যদের মধ্যে দায়িত্ববোধ ও কর্মস্পৃহা আরও বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।