কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টা ৫ মিনিটের দিকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে ঘটনাটি ঘটে।
রেলওয়ে থানা সূত্রে জানা যায়, ট্রেনটি ঢাকা থেকে কিশোরগঞ্জে আসার পথে সরারচর ও কিশোরগঞ্জ স্টেশনের মধ্যবর্তী এলাকায় এক যাত্রী বগির দরজা বন্ধ থাকায় তা খোলার চেষ্টা করেন। এ সময় মোঃ আলমগীর খা (৩৪) নামের এক ব্যক্তি দরজা খুলতে বাধা দেন এবং দরজায় জোরে ধাক্কা দিলে এক যাত্রীর আঙুলে আঘাত লাগে। পরবর্তীতে যাত্রীরা কারণ জানতে চাইলে আলমগীর উত্তেজিত হয়ে তাদের ওপর চড়াও হন এবং নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য বলে পরিচয় দেন।
ট্রেন কিশোরগঞ্জ স্টেশনে পৌঁছালে ডিউটিরত পুলিশ সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। সেনা সদস্য হওয়ার প্রমাণস্বরূপ আইডি কার্ড দেখাতে বললে তিনি তা দেখাতে ব্যর্থ হন। সন্দেহবশত তার গ্রামের ইউপি সদস্যের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, তিনি কোনো বাহিনীতে কর্মরত নন।
আটক আলমগীরের কাছ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর লোগো লাগানো হাফ হাতা গেঞ্জি, ক্যাপ এবং ব্যাগ জব্দ করা হয়েছে।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি জানান,
আটক ব্যক্তিটি সেনা সদস্য পরিচয় দিয়ে সাধারণ যাত্রীদের ভয় দেখানোর চেষ্টা করেছিল। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
পুলিশ জানায়, ঘটনাটির পর ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়, তবে পুলিশ দ্রুত ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়রা পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপের প্রশংসা করে বলেন, “এভাবে যদি প্রতারক ও ভুয়া পরিচয়ে মানুষ ঠকানোদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, তাহলে সাধারণ যাত্রীদের নিরাপত্তা আরও বাড়বে।”