মোঃ জোনায়েদ হোসেন জুয়েল
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক ৩৬জুলাই
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় মাছ ধরে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে সুরঞ্জিত দাস (২৭) নামে এক তরুণ জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে উপজেলার ধনপুর ইউনিয়নের করণচা বড়হাটি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত সুরঞ্জিত ওই গ্রামের পরশ দাসের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে সুরঞ্জিত দাস তার বাবার সঙ্গে বাড়ির পাশের নদীতে জাল ফেলে মাছ ধরছিলেন। কিছুক্ষণ পর আকাশে মেঘ জমে প্রবল বৃষ্টি শুরু হয়। মাছ ধরা শেষে তারা বাড়ির দিকে ফেরার সময় হঠাৎ বজ্রপাত হলে সুরঞ্জিত গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. কাওসার আহমেদ সোহেল তাকে মৃত ঘোষণা করেন।
ধনপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রদীপ কুমার বলেন, সুরঞ্জিত দাস শান্ত ও পরিশ্রমী তরুণ ছিলেন। তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কাওসার আহমেদ সোহেল জানান, বজ্রাঘাতে আহত অবস্থায় নয়, মৃত অবস্থাতেই সুরঞ্জিতকে হাসপাতালে আনা হয়েছিল।
এ বিষয়ে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল বলেন, ঘটনার খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত মৃতের পরিবার থেকে থানায় কোনো লিখিত তথ্য পাওয়া যায়নি।