মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি, দৈনিক ৩৬জুলাই
সোনারগাঁও, ০৬ অক্টোবর:
তাহেরপুর আলিম মাদরাসার অধ্যক্ষ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সোনারগাঁও উপজেলার সাবেক সেক্রেটারী মাওলানা নাজমুল ইসলাম পাটওয়ারী আজ সোমবার সকাল ৯টায় কুমিল্লার পিপলস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ষাট বছর। তিনি স্ত্রী, তিন কন্যা, নাতি-নাতনি এবং বহু গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বিকেল ৫টায় সোনারগাঁও উপজেলার সাদিপুর মোল্লা বাড়ি জামে মসজিদের সামনে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে স্থানীয় সাদিপুর কবরস্থানে দাফন করা হয়।
মাওলানা নাজমুল ইসলাম পাটওয়ারীর পৈতৃক নিবাস চাঁদপুর জেলায় হলেও তিনি কর্মজীবনের শুরু থেকেই সোনারগাঁওয়ে অবস্থান করছিলেন এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করছিলেন। তিনি মাদরাসা শিক্ষা কার্যক্রমের পাশাপাশি স্থানীয় মসজিদে খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীনের দাওয়াতি কাজেও তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়।
জামায়াত নেতৃবৃন্দের শোক প্রকাশ
মাওলানা নাজমুল ইসলাম পাটওয়ারীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার এবং জেলা সেক্রেটারী মুহাম্মদ হাফিজুর রহমান। এক শোকবার্তায় তারা বলেন, “মাওলানা নাজমুল ইসলাম একজন আলেমে দীন হিসেবে আমৃত্যু দীনের খেদমতে নিয়োজিত ছিলেন। তিনি জামায়াতের সোনারগাঁও উপজেলা সেক্রেটারী হিসেবে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।”
তারা আরো বলেন, “অল্প বয়সেই তিনি নানা জটিল রোগে আক্রান্ত হন এবং দীর্ঘ সময় কিডনি রোগে ভুগে কষ্ট সহ্য করেছেন। মহান আল্লাহ যেন তাঁর এ কষ্টকে গুনাহ মোচনের উসিলা হিসেবে কবুল করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করেন।”
শোকবার্তায় মরহুমের পরিবার—স্ত্রী, কন্যা ও জামাতাসহ আত্মীয়স্বজনের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁদের ধৈর্য ধারণের তৌফিক কামনা করা হয়।