নাজমুল হাসান ( নরসিংদী) দৈনিক ৩৬জুলাই
নরসিংদীতে সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র পুলিশের ওপর হামলা চালিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেনকে গুরুতর আহত করেছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, অভিযানে কয়েকজনকে আটক করার পরপরই পিছন থেকে অর্ধশতাধিক সংঘবদ্ধ চাঁদাবাজ সদস্য পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে এএসপি আনোয়ার হোসেনের ঘাড়, পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। এ সময় পুলিশের হাতে আটককৃতদের ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় হামলাকারীরা। সংঘর্ষে আরও কয়েকজন পুলিশ সদস্য কিল-ঘুষিতে আহত হন।
পরে গুরুতর আহত অবস্থায় এএসপি আনোয়ার হোসেনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। সদর হাসপাতালের আরএমও ডা. ফরিদা গুলশানা কবির জানান, তার ঘাড় ও পায়ে রক্ত জমাট বেঁধেছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে ইজারাদার আলমগীর হোসেন মোবাইলে যোগাযোগ করলে পুলিশের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, বৈধ ইজারার শর্ত মেনে টাকা তোলার সময় পুলিশের বাধা দেওয়ায় সামান্য ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে বলে শুনেছেন। তার মতে, পুলিশের ওপর হামলার অভিযোগটি “মিথ্যা ও ভিত্তিহীন”।