মাকসুদুর রহমান
স্টাফ রিপোর্টার ঢাকা: দৈনিক ৩৬জুলাই
বাংলাদেশের রাজনীতির কিংবদন্তি, আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের মৃত্যুর দুই দিন অতিক্রান্ত হলেও তার দাফন এখনো সম্পন্ন হয়নি। রাজধানীর স্কয়ার হাসপাতালে এখনো মরদেহ পড়ে আছে।
অন্তর্বর্তীকালীন সরকার ও তোফায়েল আহমেদের পরিবারের মধ্যে জানাজা ও দাফনের স্থান নিয়ে তীব্র মতবিরোধ দেখা দেওয়ায় এই নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়েছে। হাসপাতাল সূত্রে মৃত্যুর খবর দুই দিন আগেই নিশ্চিত করা হলেও রাজনৈতিক টানাপোড়েনের কারণে পরিবারকে আনুষ্ঠানিক ঘোষণা দিতে দেওয়া হয়নি বলে জানা গেছে।
গোয়েন্দা সূত্রগুলো জানিয়েছে, সরকার আশঙ্কা করছে যে তোফায়েল আহমেদের নিজ জেলা ভোলায় জানাজা অনুষ্ঠিত হলে সেখানে লাখো মানুষের ঢল নামতে পারে। এটি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রতি বিশাল জনসমর্থনের বহিঃপ্রকাশ ঘটাবে—এমন ভয়েই ভোলায় জানাজার অনুমতি দেওয়া হয়নি।
ফলে পরিবারকে ঢাকায় গোপনীয়ভাবে দাফন সম্পন্ন করার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ অবস্থায় মরদেহ হাসপাতালেই পড়ে থাকায় রাজনীতির অঙ্গনে নতুন করে বিতর্ক ও ক্ষোভ দেখা দিয়েছে।