কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক ৩৬জুলাই
কিশোরগঞ্জ সদর উপজেলার ৭নং ওয়ার্ডের পূর্ব তারাপাশায় অবস্থিত কিশোরগঞ্জ রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত। বিদ্যালয়ের মাঠে এক বছরেরও বেশি সময় ধরে পানি জমে থাকায় কোমলমতি শিক্ষার্থীরা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, মাঠে প্রয়োজনীয় মাটি ভরাট না করায় সামান্য বৃষ্টিতেই মাঠজুড়ে হাঁটু পর্যন্ত পানি জমে যায়। এর ফলে শিক্ষার্থীরা শারীরিক কসরত বা খেলাধুলা করতে পারছে না। আরও বিস্ময়কর বিষয় হলো, বৃষ্টি নামলেই এলাকার কিছু মানুষ স্কুল মাঠে ঝাল ফেলে মাছ ধরতে আসে। এতে স্কুলের পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে।
এ বিষয়ে এলাকাবাসী একাধিকবার জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অভিযোগ জানালেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গেছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা বলেন, “আমাদের শিশুদের খেলার একমাত্র জায়গাটি বছরের পর বছর পানিতে ডুবে থাকে। অথচ শিক্ষা অফিস বারবার আশ্বাস দিলেও এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।”
অন্যদিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে তারা যথাযথ ব্যবস্থা নেবেন। তবে সচেতন মহল মনে করছে, দীর্ঘদিনের এই সমস্যার সমাধান না হওয়ায় কর্তৃপক্ষের অবহেলা পরিষ্কারভাবে প্রকাশ পাচ্ছে।
স্থানীয়রা দ্রুত মাঠ মাটি ভরাট ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করে শিক্ষার্থীদের জন্য সুস্থ-সবল পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।