
রায়হান খান
যাত্রাবাড়ী প্রতিনিধি : দৈনিক ৩৬জুলাই
রাজধানীর যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল এখন চরম সংকটে। শিক্ষক-কর্মচারীর সংখ্যা, রাজনৈতিক প্রভাব, অনিয়মিত বেতন, আর্থিক অনিয়মসহ নানা সমস্যায় প্রতিষ্ঠানটি আজ দিশেহারা।
১৯৯৮ সালে মাত্র ৩৮ শতাংশ জমির উপর যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি ২০০১ সালে মাধ্যমিক স্বীকৃতি পায়, বর্তমানে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত পাঠদান চালু আছে। একসময় যেখানে শিক্ষার্থী ছিল প্রায় ৫ হাজার ৮০০, বর্তমানে নেমে এসেছে ২ হাজার ১৪৩ জনে। অন্যদিকে শিক্ষক-কর্মচারী রয়েছেন ১৬৯ জন। প্রয়োজনের তুলনায় চারগুণ বেশি শিক্ষক থাকায় বেতন কাঠামোই এখন সবচেয়ে বড় বোঝা।
২০০৪ সালে সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন মরিয়ম বেগম। নানা রাজনৈতিক টানাপোড়েনের পর ২০১৩ সালে আদালতের রায়ে পুনর্বহাল হন এবং বর্তমানে তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন।
তাঁর বিরুদ্ধে একটি মহল নানা অভিযোগ তুললেও, জেলা প্রশাসন ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ের তদন্তে অভিযোগের প্রমাণ মেলেনি। এখনো শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত চলমান।
এক সময়ের সমৃদ্ধ যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ আজ অতিরিক্ত শিক্ষক, দুর্নীতি ও রাজনৈতিক প্রভাবের কারণে টিকে থাকার লড়াই করছে। শিক্ষার্থী সংখ্যা ক্রমেই কমছে, শিক্ষকরা পাচ্ছেন না বেতন, আর প্রশাসনিক জটিলতায় প্রতিষ্ঠানটি আজ অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে আছে।