জোনায়েদ হোসেন জুয়েল
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক৩৬জুলাই
কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের মধুনগর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে মোঃ রুবেল মিয়া (৩৫) নামের একজন ব্যক্তি সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। তিনি বর্তমানে মারাত্মক আহত অবস্থায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রুবেল মিয়ার পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গ্রামের প্রভাবশালী ব্যক্তি মাহাবুদ্দিন (৬০), পিতা: আব্দুল হাসিম, এবং তার পরিবার রুবেল মিয়ার পৈতৃক জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছিলেন। প্রতিবাদ করায় আগেও একাধিকবার রুবেল ও তার পরিবার হামলার শিকার হয়েছে।
সর্বশেষ, ৪ সেপ্টেম্বর বিকেলে ওই জমিতে প্রবেশ করে জোরপূর্বক দখল নিতে চাইলে রুবেল বাধা দেন। তখন মাহাবুদ্দিনের ছেলে সাবেক ছাত্রলীগ নেতা রাকিব (২৫), তার ভাই ইমন (১৮), এবং আত্মীয় ফারুক (৩৬), পিতা: জসিম উদ্দিন—তাদের সঙ্গে আরও কয়েকজন সহযোগী রুবেলের উপর পরিকল্পিতভাবে হামলা চালায়। হামলায় রুবেলকে বেধড়ক মারধর করা হয়। লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়।
‘আমার বাবাকে তারা মেরে ফেলতে চেয়েছিল’ — কাঁদতে কাঁদতে বলছে রিয়া মনি
রুবেল মিয়ার মেয়ে রিয়া মনি (১৫), নবম শ্রেণির শিক্ষার্থী, যশোদল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। বাবার উপর বর্বরোচিত হামলার বর্ণনা দিতে গিয়ে কাঁদতে কাঁদতে বলেন,
> “আমার বাবা কিছুই করেনি, শুধু আমাদের জমি দখল করতে বাধা দিয়েছিল। তারা আমার বাবাকে পিটিয়ে রক্তাক্ত করে ফেলেছে। আগেও হামলা করেছিল, এবার মারতেই এসেছে। আমি আমার বাবার জন্য বিচার চাই।”
‘আমাদের কেউ বিচার দেয় না’ — ক্ষোভ স্ত্রীর
রুবেল মিয়ার স্ত্রী জানান, “শুধু আমার স্বামী নয়, আমাকেও কিছুদিন আগে মারধর করেছে এই একই চক্র। আমরা একাধিকবার থানায় অভিযোগ দিয়েছি, কিন্তু কোনো বিচার পাইনি। প্রশাসন যদি আগেই ব্যবস্থা নিত, তাহলে আজ এমন ঘটনা ঘটত না।”
তিনি আরও বলেন, “এই মানুষগুলো এলাকায় প্রভাব খাটিয়ে অনেক মানুষকে ভয়ভীতি দেখিয়ে জমি দখল করে। আমাদের কাগজপত্র থাকা সত্ত্বেও তারা আমাদের জমি দখল করতে চায়।”
পরিবারের পক্ষ থেকে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা হলেন:
মাহাবুদ্দিন (৬০), পিতা: আব্দুল হাসিম
রাকিব (২৫), পুত্র: মাহাবুদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা
ইমন (১৮), পুত্র: মাহাবুদ্দিন
ফারুক (৩৬), পিতা: জসিম উদ্দিন, আপন ভাতিজা: শাহাবুদ্দিন গং
পুলিশ বলছে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে
এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন,
> “আগের ঘটনার বিষয়ে আমি অবগত নই। তবে আজকের ঘটনায় যদি ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দেয়, তাহলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের দাবি, ‘এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন’
এলাকাবাসীর ভাষ্যমতে, মাহাবুদ্দিন ও তার ছেলে রাকিব দীর্ঘদিন ধরেই এলাকায় প্রভাব খাটিয়ে আসছেন। তাদের বিরুদ্ধে জমি দখল, হুমকি, এবং সহিংসতার একাধিক অভিযোগ রয়েছে। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।