স্টাফ রিপোর্টার ঢাকা দৈনিক৩৬জুলাই
বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ফের আলোচনায়। আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে বহুবার আলোচিত এই নায়িকা এবার দেখা গেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একটি অনুষ্ঠানে।
কুষ্টিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অপু বিশ্বাস। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজনীতি নিয়ে নতুন বার্তা দেন। দীর্ঘদিন আওয়ামী লীগের ঘনিষ্ঠ মহলে অবস্থান করলেও সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অবস্থান নিয়ে তার ভিন্নতর ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
অপু বিশ্বাসের এ উপস্থিতি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে ইতোমধ্যেই আলোচনা-সমালোচনার ঝড় বইছে। একদিকে আওয়ামী লীগ সমর্থকরা এটিকে ‘আদর্শিক ভিন্নতা’ বলে মনে করছেন, অন্যদিকে বিএনপি নেতাকর্মীরা বিষয়টিকে নিজেদের জন্য ‘রাজনৈতিক সাফল্য’ হিসেবে দেখছেন।
রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে— রাজনীতিতে অপু বিশ্বাসের প্রকৃত গন্তব্য কোথায়? তিনি কি আদতেই রাজনীতির মাঠে স্থায়ী হতে চাইছেন, নাকি জনপ্রিয়তা ধরে রাখতে কৌশলগত অবস্থান নিচ্ছেন?
জনগণ এখন অপেক্ষায়— জনপ্রিয় এই নায়িকা পরবর্তী কোন রাজনৈতিক পতাকার নিচে নিজের অবস্থান স্পষ্ট করেন।