রাত নামলেই অন্ধকারে ডুবে যায় পূর্ব তারাপাশা, টানা সাতদিন ধরে রোড লাইট বন্ধ — জনমনে চরম উদ্বেগ
জুনায়েদ হোসেন জুয়েল
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: দৈনিক৩৬জুলাই
কিশোরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ এলাকা পূর্ব তারাপাশা টানা সাতদিন ধরে রোড লাইটহীন অবস্থায় রয়েছে। ফলে সন্ধ্যার পর থেকে পুরো এলাকাটি অন্ধকারে নিমজ্জিত থাকে, যা জনজীবনে নেমে এনেছে চরম দুর্ভোগ। বিশেষ করে নারী, শিশু ও শিক্ষার্থীদের চলাফেরা হয়ে পড়েছে ঝুঁকিপূর্ণ।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘ সময় ধরে রাস্তায় কোনো ধরনের বৈদ্যুতিক আলো না থাকায় রাত নামলেই এলাকাটি আতঙ্কের নগরীতে পরিণত হয়। চুরি, ছিনতাই, এমনকি মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের আনাগোনাও বেড়ে গেছে উল্লেখযোগ্যভাবে।
এ বিষয়ে এলাকাবাসীর পক্ষে মোঃ নাদিম মিয়া বলেন,
> "বিভিন্ন সময় আমরা পৌরসভা ও সংশ্লিষ্ট দপ্তরকে বিষয়টি অবহিত করেছি। কিন্তু সাতদিন পার হলেও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে সাধারণ মানুষকে প্রতিদিন অন্ধকারে চলাফেরা করতে হচ্ছে। শিক্ষার্থী ও নারীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে।"
তিনি অবিলম্বে এলাকার রোড লাইট পুনঃস্থাপনের দাবি জানান এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এদিকে এ বিষয়ে কিশোরগঞ্জ পৌরসভা ও বিদ্যুৎ বিভাগের কোনো কর্মকর্তার মন্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় সচেতন মহল বলছেন,
> “রোড লাইট বন্ধ থাকা শুধুই একটি প্রযুক্তিগত ত্রুটি নয়, এটি জননিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত। দ্রুত ব্যবস্থা না নিলে অপরাধের মাত্রা আরও বাড়বে।”
সন্ধ্যার পর অন্ধকারে মোড়ের পর মোড়, গলি ও প্রধান সড়কগুলোয় আলো না থাকায় মানুষের চলাফেরা যেমন বিঘ্নিত হচ্ছে, তেমনি সৃষ্ট হচ্ছে চরম নিরাপত্তাহীনতা। সাধারণ জনগণের প্রশ্ন— রোড লাইট মেরামতে কর্তৃপক্ষ এতটা উদাসীন কেন?
www.daynik36july.com