কাশেম হাওলাদার
বরগুনা প্রতিনিধি: দৈনিক৩৬জুলাই
বরগুনার তালতলী উপজেলার শারীকখালী ইউনিয়নের চাউলাপাড়া গ্রামে বিএনপি নেতা মো. বাহাদুর তালুকদারের ওপর সন্ত্রাসী হামলা ও পরিকল্পিত হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ জুলাই) সকাল ৯টায় চাউলাপাড়া এলাকায় এ মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ও এলাকাবাসী। কর্মসূচিতে অংশ নেন শারীকখালী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, ভুক্তভোগী বাহাদুর তালুকদার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সচেতন নাগরিকরা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একজন রাজনৈতিক নেতার ওপর প্রকাশ্যে হামলা করে তাকে হত্যাচেষ্টার ঘটনা ন্যাক্কারজনক ও পূর্বপরিকল্পিত। দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন তারা।
ভুক্তভোগী মো. বাহাদুর তালুকদার মানববন্ধনে বলেন,
“গত ১৩ জুন দুপুর ২টার দিকে কলাপাড়া থেকে বাড়ি ফেরার পথে তালতলী উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. ছগির হাওলাদারের নেতৃত্বে ২০-২৫ জনের একটি সন্ত্রাসী দল আমার ওপর অতর্কিত হামলা চালায়। তারা দুই লাখ টাকা চাঁদা দাবি করে এবং আমাদের ভোগদখলীয় জমি ছেড়ে দিতে বলে। আমি চিৎকার করলে স্থানীয় লোকজন এসে আমাকে উদ্ধার করে। হামলাকারীরা তখন পালিয়ে যায় এবং আমাকে হুমকি দিয়ে যায়।”
তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ করা হলেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
মানববন্ধনে বক্তারা তালতলী উপজেলা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
www.daynik36july.com