বাঙলা কলেজ প্রতিনিধি:নাজমুল ইসলাম ছাকিব
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি বাঙলা কলেজ শাখার উদ্যোগে সারাদেশে চলমান চাঁদাবাজি, হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই ) বিকাল ৫টা ৩০ মিনিটে বাঙলা কলেজ ক্যাম্পাসের বটতলা প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বিক্ষোভে উপস্থিত ছিলেন শাখার সেক্রেটারি মোঃ সাইফুর রহমান সাকিব এবং শাখার অন্যান্য সদস্যরা।
কর্মসূচিতে শাখার সেক্রেটারি মোঃ সাইফুর রহমান সাকিব তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “চাঁদাবাজি, হত্যা ও সন্ত্রাসের মাধ্যমে যারা সমাজকে অস্থিতিশীল করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। দেশের শান্তি ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।”
অন্যান্য নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, “দেশের প্রতিটি স্তরে চাঁদাবাজি ও সন্ত্রাসের যে অভিশাপ নেমে এসেছে, তা বন্ধ করতে ছাত্রসমাজের জাগরণ জরুরি। শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বস্তরে শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে প্রশাসনের কার্যকর ভূমিকা প্রয়োজন।”
তারা আরও বলেন, “সন্ত্রাস, হত্যা ও চাঁদাবাজির বিরুদ্ধে জনমত গড়ে তোলা এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য ছাত্রশিবিরের এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
বিক্ষোভ শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।
www.daynik36july.com