ডেস্ক রিপোর্ট | দৈনিক ৩৬ জুলাই
তারিখ: ১ জুন ২০২৫, রোববার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে বাতিল হওয়া নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ। আজ (১ জুন) রবিবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।
এ রায়ের মাধ্যমে হাইকোর্টের পূর্বের রায় বাতিল করে জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহালের পথ সুগম হলো। একইসঙ্গে নির্বাচন কমিশনকে অবিলম্বে এ রায় বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন আদালত।
আদালতে জামায়াতে ইসলামীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার নাজিব মোমেন এবং ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম।
গত ১৪ মে এই মামলার আপিল শুনানি শেষ হয় এবং আজ ১ জুন রায়ের জন্য দিন ধার্য ছিল। শুনানির পর আদালত আজকের রায় প্রদান করেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ১ আগস্ট এক রিট মামলার প্রেক্ষিতে হাইকোর্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে এবং রাজনৈতিক দল হিসেবে তাদের অবৈধ ঘোষণা করে রায় দেন। এর পাঁচ বছর পর, ২০১৮ সালের ৭ ডিসেম্বর নির্বাচন কমিশন (ইসি) প্রজ্ঞাপন জারি করে দলটির নিবন্ধন বাতিল করে দেয়।
আজকের আপিল বিভাগের রায়ের মাধ্যমে জামায়াতে ইসলামীর রাজনৈতিকভাবে কার্যক্রমে ফেরার সুযোগ তৈরি হলো, যা দেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিতে পারে।
স্লোগান: দৈনিক বৈষম্যের বিরুদ্ধে
Facebook: fb.com/daynik36july
Website: www.daynik36july.com